বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ১১:৫০ পূর্বাহ্ণ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ | ১১:৫০ পূর্বাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক 

ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ হাতে থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হেরে সিরিজ হার নিশ্চিত করে টাইগাররা। প্রথম ম্যাচে ১৬ রানে পরাজিত হয়েছিল স্বাগতিকরা।

টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের পর এবার হারের স্বাদ পেল বাংলাদেশ। এর আগে মে মাসে পাকিস্তান সফরে শেষবার সিরিজ হেরেছিল লিটন দাসের দল। এরপর শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল তারা।

টসে হেরে প্রথমে বোলিং করতে নেমে শুরুতেই উইকেটের সুযোগ পেলেও অধিনায়ক লিটনের ভুলে সেটি হাতছাড়া হয়। তবে দ্বিতীয় ওভারেই পেসার তাসকিন আহমেদ জীবন পাওয়া ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে এনে স্বস্তি দেন দলকে। এরপর ওয়েস্ট ইন্ডিজকে চাঙা করে তোলেন অ্যালিক আথানাজে ও শাই হোপ। এই জুটি মারমুখী ব্যাটিংয়ে ১০ ওভারেই স্কোরবোর্ডে ৯৪ রান যোগ করেন।

৩০ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন আথানাজে, আর একই সংখ্যক বল খেলে অর্ধশতক পান হোপ। তবে স্পিনার নাসুম আহমেদ ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি। ১২তম ওভারে পরপর দুই বলে আথানাজে (৫২) ও রাদারফোর্ডকে ফিরিয়ে ম্যাচে ফেরান তিনি।

পরবর্তী ধাক্কায় ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে রোস্টন চেজ ও রোমারিও শেফার্ড সপ্তম উইকেটে ২৬ রানের জুটিতে দলকে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানে পৌঁছে দেন। চেজ অপরাজিত থাকেন ১৭ রানে। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন। নাসুম ও রিশাদ হোসেন পান ২টি করে উইকেট।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন ওপেনার সাইফ হাসান (৫)। তবে অধিনায়ক লিটন দাস ১৭ বলে ২৩ রান করে কিছুটা আশা জাগান। এরপর তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় তৃতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়েন।

তানজিদ ৪৮ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেললেও শেষ ওভারে বাংলাদেশের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা, হেরে যায় ১৪ রানে।

ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ২২ রানে ৩ উইকেট, শেফার্ড ২৯ রানে ৩ উইকেট এবং জেসন হোল্ডার ২০ রানে ২ উইকেট নেন।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করেছে শিরোপা। আগামী ৩১ অক্টোবর একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares