বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে আজ সিরিজে সমতা ফেরাতে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ২:৫৪ অপরাহ্ণ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ | ২:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রামে আজ সিরিজে সমতা ফেরাতে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে আজ জয় জরুরি বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় ১৬ রানে হেরে যায় টাইগাররা। তাই সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের সামনে।

আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক চ্যানেল।

প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, আমি মনে করি, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০ ওভারে সত্যিই ভালো ব্যাটিং করেছে। উইকেট কিছুটা ধীর ছিল। আমরা যদি শুরুতেই উইকেট নিতে পারতাম, তাহলে তারা চাপে থাকত। শেষ ওভার ছাড়া পুরো ম্যাচে আমাদের বোলাররা ভালো করেছে। এ ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে।

অন্যদিকে দুর্দান্ত সূচনা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য এখন সিরিজ নিশ্চিত করা। প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে উজ্জ্বল ছিল ক্যারিবীয় দল। অধিনায়ক শাই হোপ বলেন, যখন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যায়, তখন সবকিছু সহজ হয়ে যায়। ছেলেরা সব বিভাগে ভালো খেলেছে। এমন পারফরম্যান্সে আমি গর্বিত।

দ্বিতীয় ম্যাচে আগের জয়ের কম্বিনেশন ধরে রাখার ইঙ্গিত দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার—যেখানে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ ১০টিতে এবং দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

আজকের ম্যাচে জিততে পারলেই সিরিজে ফিরবে টাইগাররা, হারলে ক্যারিবীয়রা আগেই নিশ্চিত করবে সিরিজ জয়।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares