বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাকলিয়াবাসীকে তুচ্ছ করার সুযোগ নেই: মেয়র ডা. শাহাদাত

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৪৪ অপরাহ্ণ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৪৬ অপরাহ্ণ
বাকলিয়াবাসীকে তুচ্ছ করার সুযোগ নেই: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাকলিয়ার মানুষের কানে পেন্সিল থাকতো বলে একসময় চট্টগ্রামের একজন রাজনৈতিক নেতা ঠাট্টা তামাশা করতেন। কিন্তু এখন কানে পেন্সিল রাখে বলে বাকলিয়াবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই। কারণ আজ বাকলিয়ার মানুষই শিক্ষিত—এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উপাচার্য এমনকি নগরের মেয়র পর্যন্ত তৈরি হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাকলিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম নছরুল কদিরকে গ্রাম কল্যাণ মিশনের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

তিনি বলেন, ২০১০ সালের মেয়র নির্বাচনে বাকলিয়ার তিন ওয়ার্ডে সদ্য বিএনপিতে যোগ দেওয়া মনজুর আলম আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে ২০ হাজার ভোটে পরাজিত করেছিলেন। বাকলিয়াবাসী যেটা সিদ্ধান্ত নেয়, সেটাই বাস্তবায়িত হয়। তারা সংসদ সদস্যও বানাতে পারে, মেয়রও বানাতে পারে।

ডা. শাহাদাত বলেন, শহীদ জিয়া বলেছিলেন, আট কোটি মানুষের ষোলো কোটি হাত। এখন আমাদের ষোলো কোটি মানুষ, অর্থাৎ বত্রিশ কোটি হাত দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। সমাজে এ ধরনের চিন্তা বিকশিত হলে তবেই বাস্তব উন্নয়ন সম্ভব।

নিজের শিক্ষাজীবন ও রাজনৈতিক জীবনের সূচনা বাকলিয়া থেকে উল্লেখ করে তিনি বলেন, আমি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়েছি বাকলিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এরপর বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন কলেজ এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করেছি। রাজনীতির পথচলাও শুরু এখান থেকেই।

তিনি জানান, বাকলিয়া থানা বিএনপির সদস্য সচিব থেকে শুরু করে ধাপে ধাপে মহানগর ও কেন্দ্রীয় দায়িত্ব পালনের পর বর্তমানে সারা দেশের একমাত্র নির্বাচিত মেয়র হিসেবে কাজ করছেন তিনি। আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন, তা মানুষের কল্যাণে কাজে লাগানোই আমার লক্ষ্য।

চলমান কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে মেয়র বলেন, তিনি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি গড়তে কাজ করছেন। স্বাস্থ্যকেন্দ্রগুলো আধুনিকায়ন, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, পর্যাপ্ত ওষুধ সরবরাহ, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা ও কর্ণফুলী নদীর দূষণ রোধে উদ্যোগ অব্যাহত রয়েছে।

মেয়র আরও বলেন, সবাই একসাথে কাজ করলে বাকলিয়াসহ সমগ্র চট্টগ্রামকে একটি সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরীতে রূপান্তরিত করা সম্ভব।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম কল্যাণ মিশনের আহবায়ক ডা. মহীনুর মর্তুজা আলম ছাদী। পরিচালনা করেন মুহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ ওয়াসিম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. সোহেল মফিজ, এম ই বি গ্রুপের পরিচালক মো. খোরশেদ আলম প্রমুখ।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares