নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন আজ ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে।নির্বাচন সফল করতে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২৬ এপ্রিল) নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম থেকে ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভোটার সরঞ্জাম বুঝে নেন।
এই উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ।এছাড়া নির্বাচনে সুন্নী মতাদর্শের আরেকটা সংগঠন ইসলামিক ফ্রন্টের চেয়ার প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আম প্রতীকের প্রার্থী কামাল পাশা ও স্বতন্ত্র হিসেবে একতারা প্রতীকের প্রার্থী রমজান আলী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এরমধ্যে ১৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ১৭ জন করে আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সাধারণ কেন্দ্রের জন্য ১৬ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন,ভোট কক্ষে অযাচিত কোনো ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য যা যা করা দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তারা থাকবেন। এর বাইরেও সিনিয়র নির্বাচন কর্মকর্তারা নির্বাচন মনিটরিং করবেন। তারা এ বিষয়গুলো নিশ্চিত করবেন। কেন্দ্রে অযাচিত ব্যক্তি অবস্থান করলে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে।
