বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩ | ৯:২২ পূর্বাহ্ণ আপডেট: ১৪ মার্চ ২০২৩ | ৯:২২ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

সাম্পান ডেস্ক :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৃথক ঘটনায় গৃহবধুসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর এলাকার হোসেন সারাং বাড়ির প্রবাসী মুহাম্মদ হাবীবের স্ত্রী সানজিদা নাছরিন লিমা (২৭), ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের ইউসুফ আলী চৌধুরী বাড়ির চাঁন মিয়ার পুত্র আবুল কাসেম (৭৫) ও দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো চৌধুরীপাড়ার আবদুস সালামের পুত্র মো. সোহাগ (১৯)।

সোমবার সকালে সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর এলাকা থেকে সানজিদা নাছরিন লিমা (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লিমার বাবা শফিউল আলম বাবুলের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

নিহত সানজিদা নাছরিন লিমা ওই এলাকার হোসেন সারাং বাড়ির প্রবাসী মুহাম্মদ হাবীবের স্ত্রী। 

মরদেহ উদ্ধার করার কথা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ। ওসি জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে শয়ন কক্ষ থেকে সানজিদা নাছরিন লিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে তদন্ত চলমান রয়েছে।

অন্যদিকে নিহত লিমার পিতা শফিউল আলম বাবুল দাবি করেন, ‘এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে হত্যা করেছে। তারা এর আগেও যৌতুকের জন্য নির্যাতন করেছে এবং বারবার যৌতুক নিয়ে গেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

একই দিন সকালে নাজিরহাট পৌরসভার সুয়াবিল টেকের দোকান ঈদগাহ এলাকায় ট্রাক চাপায় আবুল কাসেম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গরু চরাতে গিয়ে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন আবুল কাশেম। এ সময় বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পালিয়ে যায় ট্রাক চালক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এছাড়াও দুপুর দেড়টার দিকে ভূজপুর থানাধীন দাঁতমারা ইউপির ঢালারমুখ এলাকায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সোহাগ (১৯) নামে এক চালকের মৃত্যু হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটো সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালক সোহাগের মৃত্যু হয়। 

এ ঘটনায় আরও দুই কলেজ ছাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares