বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পের ২ হাজার ঘর আগুনে পুড়ে ছাই

প্রকাশ: ৫ মার্চ ২০২৩ | ৮:৩৫ অপরাহ্ণ আপডেট: ৫ মার্চ ২০২৩ | ৮:৩৭ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পের ২ হাজার ঘর আগুনে পুড়ে ছাই

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ক্যাম্পের প্রায় দুই হাজার ঘর পুড়ে ছাই হয়ে যায়।

রবিবার (৫ মার্চ) বিকাল ৩টার দিকে বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মূহূর্তের মধ্যে ৯, ১০, ১২ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে।প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশনের উপ সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, রবিবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এটি নির্ধারণে সময় লাগবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ পর্যন্ত দুই হাজারের কাছাকাছি ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিশ্চিত করে বলতে সময় লাগবে। এ পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।’

এদিকে ক্যাম্পের এই আগুনকে পরিকল্পিত নাশকতা বলেছেন রোহিঙ্গারা। ওই ক্যাম্পের ক্ষতিগ্রস্থ বাসিন্দা আবলু কামাল, আবদুল গফুর ও শামসুল আলম জানিয়েছেন, আরসা সন্ত্রাসীরা এ আগুন ধরিয়ে দিয়েছে।


৮ এবিপিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, বিকেল ৩টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১২, ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। আগুনের সূত্রপাত কী কারণে তা নিশ্চিত হওয়া না গেলেও সন্দেহজনক এক যুবককে আটক করেছে এপিবিএন ও পুলিশ। আটক যুবককে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।

ঘটনাস্থলে থাকা অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় দুই হাজারের মতো ঘর পুড়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ এখন বলা যাচ্ছে না। হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, একই ক্যাম্পে ২০২১ সালের ২২ মার্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় ১১ জন প্রাণ হারান, আহত হন পাঁচ শতাধিক। পুড়ে যায় ৯ হাজারের বেশি ঘর।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares