সাম্পান ডেস্ক:
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে নাজিরহাট পৌরসভা নির্বাচন। এবারের নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে। এবারে নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করলেও ২ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছে।
তার মধ্যে তরিকত ফেডারেশন এর শাহ জালাল। অন্যজন নাজিরহাট পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম শফিউল আলম।সোমবার ছিল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মেয়র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন।
প্রত্যাহারের বিষয়ে তরিকতের শাহ জালাল বলেন, আমি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির নির্দেশে প্রার্থী হয়েছি এবং ওনার নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করেছি।
বিএনপি নেতা এস এম শফিউল আলম জানান, পারিবারিক আর্থিক অস্বচ্ছলতার কারণে নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছি৷ তবে, বিএনপির আরেক নেতা নাছির উদ্দীনকে পৌর নির্বাচনে মেয়র পদে সমর্থন দেন এস এম শফিউল আলম।
নির্বাচন অফিস সূত্র জানায়, মেয়র পদে তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী মো. শাহ জালাল, স্বতন্ত্র প্রার্থী এস এম শফিউল আলম এবং ৯ নম্বর ওয়ার্ড হতে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মো. নাছির উদ্দিন নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাতিল হওয়া দুই কাউন্সিলর প্রার্থী আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা ৫৪ জন। তার মধ্যে মেয়র পদে ৫, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী নির্বাচনে থাকছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা সাম্পান নিউজকে বলেন, প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে দুই এবং সাধারণ কাউন্সিলর পদে একজনসহ মোট তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
