নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, বাংলাদেশ কারি সমিতির সাবেক সভাপতি মাওলানা নুরুল কবির (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় হাটহাজারী পৌরসভার নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের ছেলে আতাউল্লাহ সম্রাট জানান, তাঁর বাবা দীর্ঘদিন ডায়াবেটিস ও হার্টের রোগে ভোগছিলেন।এরমধ্যে শুক্রবার সকালে নিজের বাসায় স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেছেন।
কারি নুরুল কবির হাটহাজারী মাদ্রাসার সাবেক মুহতামীম মাওলানা হাফিজুর রহমান পীর সাহেবের পুত্র। পেশাগত জীবনে তিনি ফটিকছড়ির নাজিরহাট মাদ্রাসার কেরাত বিভাগের প্রধান ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার হাটহাজারী মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে হাটহাজারী পৌরসভার নুর মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
