চবি প্রতিনিধি
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির( চবিসাস) ২০২৩-২৪ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের মাহবুব এ রহমান, সহ-সভাপতি পদে ঢাকা পোস্টের রুমান হাফিজ, সাধারণ সম্পাদক পদে দৈনিক আজাদীর ইমাম ইমুসহ বিভিন্ন পদে ৭ জন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দুপুর ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে যৌথভাবে বাংলাট্রিবিউনের প্রতিনিধি নবাব আব্দুর রহিম ও মহানগর নিউজের প্রতিনিধি ইফতেখারুল ইসলাম, অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি রোকনুজ্জামান এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলানিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি মোহাম্মদ আজহার। এছাড়া নির্বাহী সদস্য পদে দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি তামিম আহমেদ শরীফ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এসএএম জিয়াউল ইসলাম। চবিসাসের সাবেক সভাপতি ও সৈয়দ বাইজিদ ইমন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্বপালন করেন।
