নিজস্ব প্রতিবেদক
নগরীর কাজীর দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক চারটি মামলা করা হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেমসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫শ’ জনকে আসামি করা হয়েছে এসব মামলায়। তবে সংঘর্ষের সময় আটক ১৬জন ছাড়া নতুন করে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সোমবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে কোতোয়ালী থানায় মামলাগুলো করে পুলিশ। এরমধ্যে বিস্ফোরক ও পুলিশের ওপর হামলা অভিযোগে কোতোয়ালী থানা পুলিশ, মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় ট্রাফিক পুলিশ, রেডিসনের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা পুলিশ এবং সংর্ঘষের ঘটনার জন্য কোতোয়ালী থানা পুলিশ সন্ত্রাস দমন আইনে আরো একটি মামলা দায়ের করে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবীর বলেন, ‘৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫শ জনকে আসামি করে পৃথক চারটি মামলা দায়ের হয়েছে। স্পট থেকে আটক ২০ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৬জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।’
