নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,এবার আর ভোট চুরি করতে দেওয়া যাবে না। ভোট চোরদের হাতেনাতে ধরতে হবে।ভোট চোরদের ধরে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশের মানুষের জন্য নির্বাচিত সরকার করতে হবে।
শনিবার (৭ জানুয়ারি) বিকেলে কাজীর দেউড়িতে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, দেশকে বাঁচাতে হলে জনগণের সঙ্গে কিছু ওয়াদা দিতে হবে।রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা দেওয়া হয়েছে। আজকে বিএনপির ২৭ দফার রূপরেখা বাস্তবায়ন না হলে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব হবে না। বিএনপি শুধু ক্ষমতার পালাবদল নয়, রাষ্ট্রকাঠামোতে গুনগত পরিবর্তন চায়।
মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।
