বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাঙ্গুনিয়ায় সাংবাদিক নির্যাতন : হাইকোর্ট থেকে জামিন নিয়েই ভিকটিমকে চেয়ারম্যান সিরাজের হুমকি

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩ | ১:১৭ অপরাহ্ণ আপডেট: ৫ জানুয়ারি ২০২৩ | ১:১৭ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় সাংবাদিক নির্যাতন : হাইকোর্ট থেকে জামিন নিয়েই  ভিকটিমকে চেয়ারম্যান সিরাজের হুমকি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করার সময় অপহৃত ও মারধরের ঘটনায় দায়ের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে এলাকায় ফিরেই মামলা দায়েরকারীকে সাবধান থাকার জন্য হুঁশিয়ারী উচ্চারণ করেছে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী।

ভিকটিম সাংবাদিককে উদ্দেশ্য করে চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী বলেন, ‌‘আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে, সাংবাদিক কয়ে (সাংবাদিক বলে) ইসলামপুরবাসীর মানক্ষুন্য করেছেন । ইসলামপুরের মানকে অসম্মানিত করার জন্য যারা পায়তারা করেছেন তাদের কাছে অনুরোধ আপনারা সাবধান হয়ে যান। আমার পেছনে যারা এমন কুচক্রি করেছেন তাদের দাঁতভাঙ্গা জবাব দেব।

বৃহস্প্রতিবার (৫ জানুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়ন পরিষধ কার্যলয়ের সামনে দাঁড়িয়ে তাঁর সমর্থকদের উদ্দেশ্য করে চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী এসব কথা বলেন। যার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‌‌‍“ইসলামপুর ডিজিটাল সেন্টার উদ্যোক্তা” নামের একটি ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়।

গত ২৫ ডিসেম্বর সকালে রাঙ্গুনিয়ায় অবৈধ ইট ভাটার ছবি তোলায় স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দীন তালুকদার মোহনসহ ৫-৬ জন পিস্তল ঠেকিয়ে সাংবাদিক আবু আজাদকে অস্ত্রের মুখে অপহরণ করে তার কার্যালয়ে নিয়ে যায়। সেখানে বেঁধে রেখে তাকে নির্যাতন করে। পরে ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরীর নির্দেশে তার মোবাইল ফোন ভেঙে ফেলে এবং মানিব্যাগ ও আইডি কার্ড- সব কেড়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে রাঙ্গুনিয়া মডেল থানায় হতায় চেষ্টা, অপহরণ, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া, মারধর এবং চাঁদাবাজির অভিযোগ এনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে বাদি হয়ে মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক আবু আজাদ। মামলায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন (৪০), চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী (৫৫), ইটভাটার ম্যানেজার কামরান (৩০), মোহনের সহযোগী কাঞ্চন তুড়ির (৩০) নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরো ৫-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে অভিযুক্ত করা হয়। ওইদিন রাতেই আসামি কাঞ্চন তুড়িকে গ্রেফতার করে পুলিশ। একদিনের রিমান্ড শেষে আসামি কাঞ্চন তুড়ি বর্তমানে কারাগারে আছেন।

একই মামলার প্রধান দুই আসামী মহিউদ্দিন তালুকদার মোহন ও চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী গত মঙ্গলবার হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করে। জামিনের একদিনপর আজ ইসলামপুরে ফিরেই চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী এসব কথা বলেন। এসময় তার পাশে ছিলেন মামলার প্রধান আসামি মহিউদ্দিন তালুকদার মোহন।

বক্তব্যের এক পর্যায়ে চেয়ারম্যান দাবী করেন ইসলামপুরবাসীর শোডাউন ও আল্টিমেটামের প্রেক্ষিতে হাইকোর্ট তাঁকে ও এই মামলার অপর আসামি মহীউদ্দিন তালুকদার মোহনকে জামিন দিয়েছে।

তিনি বলেন, ‘মিথ্যা মামলার প্রতিবাদে যে শো-ডাউন মিছিল হয়েছিলো। মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আপনাদেরকে (প্রশাসনকে) আল্টিমেটাম দিয়েছে, সেই আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছি।’

এদিকে সাংবাদিক আবু আজাদের অপহরণ ও হামলার বিষয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত তদন্ত করে এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে বিশ্বব্যাপী সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। এর আগে জাতীয় মানবাধিকার কমিশন তাদের এক বিবৃতিতে এ বিষয়ে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে কমিশনে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares