নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাংবাদিক আবু আজাদকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী কাঞ্চন তুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে রাঙ্গুনিয়া উপজেলার রানীর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আটক কাঞ্চন কুমার তুড়ি (৩৬) রাঙ্গুনিয়া উপজেলার রাজা নগর ইউনিয়নের অমূল্য ডাক্তার বাড়ির জীবন কৃষ্ণ তুরির ছেলে। সে সাংবাদিক আবু আজাদের দায়ের করা মামলার ৪ নম্বর আসামী ও প্রধান আসামী মহিউদ্দিন মোহনের সহযোগী।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী সাম্পান নিউজকে বলেন, সাংবাদিক আবু আজাদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী আসামী কাঞ্চন তুড়িকে রানীর হাট এলাকা থেকে আটক করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, রোববার (২৫ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়ায় অবৈধ ইট ভাটার ছবি তোলায় স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দীন তালুকদার মোহনসহ ৫-৬ জন পিস্তল ঠেকিয়ে সাংবাদিক আবু আজাদকে মারধর করে। অস্ত্রের মুখে মোহন ওই সাংবাদিককে গাড়িতে তুলে স্থানীয় মঘাছড়ি বাজারে নিয়েও কয়েক দফা পেটায়। এরপর তার কার্যালয়ে বেঁধে রেখে নির্যাতন করে। তার মোবাইল ফোন ভেঙে ফেলে এবং মানিব্যাগ ও আইডি কার্ড- সব কেড়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। মারধরের এক পর্যায়ে মোহনের মোবাইল ফোন দিয়ে আবু আজাদের সঙ্গে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী সঙ্গে ফোনে কথাও বলে। এরপর ওই সাংবাদিকের পকেটে মোহন নিজের ভিজিটিং কার্ড ঢুকিয়ে দিয়ে ক্ষমতা থাকলে কিছু করতে বলে হুমকিও দেয়।
এই ঘটনায় সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে ভুুক্তভোগী সাংবাদিক আবু আজাদ বাদি হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় হত্যা চেষ্টা, মারধর, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া, অপহরণ এবং চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন (৪০), চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী (৫৫), ইট ভাটার ম্যানেজার কামরান (৩০), মোহনের সহযোগী কাঞ্চন তুড়ির (৩০) নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরো ৫-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে অভিযুক্ত করা হয়।
