বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাঙ্গুনিয়ায় দুই সহোদর খুনের ঘটনায় আরও ২ জন আটক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:৩২ অপরাহ্ণ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১২:৩২ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় দুই সহোদর খুনের ঘটনায় আরও ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর গলা থেকে রশি খুলে নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে দুই ভাইকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত মোহাম্মদ শফিকুল ইসলামের আরও দুই ছেলেকে আটক করা হয়েছে।এনিয়ে এই ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম ও তার তিন ছেলেকে আটক করা হয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে এবং দিবাগত রাতে নগরের বন্দর থানাধীন পূর্ব নিমতলা ডিয়ারপাড়া ও বেচাশাহ রোডস্থ পশ্চিম গোসাইল ডাংগা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন— দক্ষিণ রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশিয়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো.সাইফুল ইসলাম প্রকাশ সাইফু (৪২) ও তার ভাই মো.মোর্শেদুল আলম (২২)।

র‌্যাব- ৭এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, গত ১৬ ডিসেম্বর রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশিয়ায় জালাল উদ্দিন ও তার ভাই কামাল উদ্দিনকে হত্যার ঘটনায় আমরা এজাহারভুক্ত দুই আসামি সাইফুল ইসলাম ও তার ভাই মোরশেদুল আলমকে গ্রেপ্তার করেছি।হত্যার পর থেকে তারা নগরীর বন্দর থানার নিমতল ও গোসাইলডাঙ্গা এলাকায় আত্মগোপনে ছিল। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করি। জালাল ও কামাল হত্যায় জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে।তাদেরকে রাঙ্গুনিয়া দক্ষিণ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব সূত্রে জানা যায়,গত ১৬ ডিসেম্বর দুপুরের দিকে জালাল তার গরুকে খাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে আসেন। কিছুক্ষণ পর গিয়ে দেখেন কেউ বা কারা তার গরুর গলার দড়ি খুলে নিয়ে গেছেন। খুঁজতে গিয়ে খুঁটিসহ দড়িটি প্রতিবেশী শফিকুলের হাতে দেখতে পান। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হলে শফিকুলের মাথায় আঘাত লেগে ফেটে যায়। এর জেরে বিকেলে জালালের ওপর হামলা চালান শফিকুলের তিন ছেলে খোরশেদ, মোরশেদ ও সাইফুল। এ সময় জালালকে বাঁচাতে তার ভাই কামালসহ প্রতিবেশী ইদ্রিছ ও তার তিন সন্তান এগিয়ে আসেন। তখন প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই জালাল ও কামাল। এ ঘটনার পর পরই শফিকুল ইসলাম ও তার ছেলে খোরশেদকে ধরে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে। তবে ঘটনার পর থেকে পলাতক ছিলেন শফিকুলের অপর দুই ছেলে মোরশেদ ও সাইফুল ইসলাম।পরে এ ঘটনায় কামাল ও জামালের মা বাদী হয়ে চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ বরে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares