বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মিরসরাইয়ে এনা পরিবহনের বাসের ধাক্কায় পিকআপ আরোহী ৩ জনের মৃত্যু

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২ | ১১:০৬ পূর্বাহ্ণ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ | ১১:০৭ পূর্বাহ্ণ
মিরসরাইয়ে এনা পরিবহনের বাসের ধাক্কায় পিকআপ আরোহী ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপে যাত্রীবাহী এনা পরিবহনের বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আরও দুজন আহত হয়।

শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপচালক মাদারীপুরের শিবচর থানার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুরের স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২), বরিশালের বানারিপাড়া থানার বিশার কান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর ছেলে মো. সোহেল (৩৮)।

আহত আরিফ ও মো. মিজানুর রহমান মিজানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় সড়কের পাশে দাঁড়ানো পিকআপের পেছনে দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে চালকসহ পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে আরেকজন মারা যান।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম জানান, ‘দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে ভোরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। অন্য তিনজনের শারীরিক অবস্থা ভালো না হওয়ায় চমেকে রেফার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares