বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘আমি নিজেকে অত্যন্ত ঘৃণা করি’

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২ | ১২:২৪ অপরাহ্ণ আপডেট: ৩ জানুয়ারি ২০২২ | ১২:৩৭ অপরাহ্ণ
‘আমি নিজেকে অত্যন্ত ঘৃণা করি’

বিশেষ প্রতিনিধি

‘আমি অত্যন্ত লজ্জিত। আমি আপনাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমি নিজেকে অত্যন্ত ঘৃণা করি। আমার মা বাবা, বড় ভাইবোন, ছোট ভাইবোন ও বন্ধু-বান্ধবদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। জানি আমার কথা শুনলে আপনাদের ঘৃণা লাগবে। আমি নিজেকে, আমার মাকে আর আমার বাবাকে অনেক ভালোবাসি। আর আদরের ছোট ভাইকে ভালবাসি।’

এভাবে ৬ পৃষ্ঠার একটি চিঠি লিখে ক্যাম্পাসের কটেজের (বেসরকারি ছাত্রাবাস) ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র অনিক চাকমা। আর্থিক অনটনের কারণে দীর্ঘদিন ধরে তিনি হতাশায় ভোগছিলেন বলে জানায় তার সহপাঠীরা।

সোমবার (৩ জানুয়ারি) বেলা ১টায় শাহাজালাল হলের এস আলম কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।অনিক চাকমার বাড়ি রাঙামাটি জেলায়।

ওই কটেজের বাসিন্দারা জানান, গতকাল রাতে অনিক তার নিজের রুমে প্রবেশ করে। রুমের আরেক সহপাঠী বাড়িতে থাকায় সে একা ছিলো। পরে সকাল ১১টার পরও তার রুম থেকে কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে জানালার ফাঁক থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে অনিক চাকমার সিটের পাশে রাখা চিঠিতে তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন বলে উল্লেখ করেন।এতে তিনি বিভিন্ন পাপবোধের কথাও লিখেন। চিঠির একটি অংশে তিনি লিখেন,’জীবনটা নষ্ট হয়ে গেল। আমি মিথ্যা কথা বলতে পারতাম না। যদি না বলা শুরু করতাম ২০২১ সালে, তাহলে জীবন কতইনা ভালো হতো। এখন একটা মিথ্যা কাটতে আমাকে অনেক মিথ্যা বলতে হয়েছে।’

তিনি লিখেন, ‘আমি দীর্ঘদিন ধরে ডিপ্রেসড, বিভিন্ন অপরাধে যুক্ত ছিলাম আবার কারও কাছে মিথ্যাও বলতে পারতাম না। নিজেকে অপরাধী মনে হয়। সবাই আমাকে ক্ষমা করে দিবেন।’

অনিকের বন্ধু সমাজতত্ত্ব বিভাগের রবি বিকাশ চাকমা বলেন, আমরা আদিবাসীরা ১৮-২০ সেশনের সবাই একসাথে নানা জায়গায় ঘুরতাম। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতাম। কিন্তু অনিক আমাদের বিভিন্ন প্রোগ্রামে বেশি আসতো না। তার আর্থিক অবস্থা খুব দুর্বল ছিল এটা আমরা জানতাম।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রের লাশ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares