বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে হেফাজতের কেন্দ্রীয় কমিটির বৈঠক, চট্টগ্রাম নগরে ১৭ সদস্যের নতুন কমিটি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২ | ১২:৩৩ অপরাহ্ণ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ | ১:৪০ অপরাহ্ণ
হাটহাজারীতে হেফাজতের কেন্দ্রীয় কমিটির বৈঠক, চট্টগ্রাম নগরে ১৭ সদস্যের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এতে চট্টগ্রাম মহানগরে ১৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন,কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার( ৩১ অক্টোবর)সকাল ১০টায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে মাওলানা তাজুল ইসলামকে আহবায়ক এবং মাওলানা মাওলানা লোকমান হাকিমকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মাওলানা ফোরকানুউল্লাহ খলীল, মাওলানা আলী ওসমান, মাওলানা হারুন, মাওলানা মুনীর উদ্দিন, মাওলানা ইয়াসিন, মাওলানা হাসান মুরাদাবাদী, মুফতি শিহাব উদ্দিন, মাওলানা আনোয়ার রব্বানী, মাওলানা এনায়েতুল্লাহ, মাওলানা সায়েমুল্লাহ, মাওলানা ফয়সাল বিন তাজুল ইসলাম, মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা জয়নাল কুতুবী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মানজুরুল কাদের।

এছাড়া অন্যান্য জেলা কমিটি গঠন করার জন্য মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়। এই কমিটির অন্য সদস্যরা হলেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা মীর ইদরীস, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী ও মুফতী কিফায়াতুল্লাহ আজহারী।

এদিকে বৈঠকে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ও দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীকে যুগ্ম মহাসচিব করার সিদ্ধান্ত নেয়া হয়। আর মুফতী কিফায়াতুল্লাহ আযহারীকে প্রচার সম্পাদক ও মাওলানা রাশেদ বিন নূরকে দফতর সম্পাদক করা হয়।

জানা যায়,বৈঠকে কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি ও হেফাজতের নামে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সকল মামলা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী বরাবর আমীরে হেফাজতের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।


এছাড়াও আগামী ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া বৈঠকে হেফাজত আমীর আল্লামা মহিব্বুল্লাহ ব্যক্তি উদ্যোগে জাতীয় পর্যায়ের যে কোনো কাজে হেফাজতের পদ পদবী ব্যবহার না করার জন্য সকল দায়িত্বশীলদের সতর্ক করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে দলের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া, নায়েবে আমীর মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি জসিম উদ্দিন, মাওলানা ফুরকানুল্লাহ খলিল, মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা মীর ইদরীস উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares