সাম্পান ডেস্ক
বিজিবি ও বিজিপির কমান্ডার পর্যায়ের বৈঠকে সীমান্তে বিস্ফোরণ ও বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে গোলা পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি।
রোববার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
এসময় তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশ সীমানায় গোলা বিস্ফোরণের বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে বিজিপি দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া বৈঠকে দুদেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, মাদক চোরাচালান বন্ধসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
সকাল ১০টায় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠক শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আর বিজিপির লেফটেন্যান্ট কর্নেল ইয়ে ওয়াই শোয়ে। এর আগে সকাল ৯টার দিকে বিজিপির ৭ সদস্যের প্রতিনিধিদলটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে এলে তাদের অর্ভথ্যনা জানানো হয়।
