নিজস্ব প্রতিবেদক
বিতর্ক যেন পিছু ছাড়ছে না চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত-৭ (ওয়ার্ড ১৬, ২০ ও ৩২) এর নারী কাউন্সিলর রুমকী সেনগুপ্তের।এবার এক হকার নেতা চাঁদা দাবির অভিযোগ এনে রুমকি সেনগুপ্তসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে টেরীবাজার- আন্দরকিল্লাহ হকার সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় রুমকি সেনগুপ্ত ছাড়াও দুই জনকে আসামি করা হয়। তারা হলেন অপু ধর রাজ (২৮) ও মো. ইসমাইল (৪০)।
আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদি পক্ষের আইনজীবী বিশ্ব শীল বলেন, চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর রুমকি সেনগুপ্তসহ ৩ জনের বিরুদ্ধে মাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার অনুসারে, গত ২০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের বিপরীতে জামে মসজিদের ২য় গেটের সামনে ফুটপাতের উপর আসামি রুমকি সেনগুপ্ত, অপু ধর এবং ইসমাইলসহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসী ফল ব্যবসায়ী মোহাম্মদ হাসান আলীর থেকে ২ হাজার টাকা চাঁদা দাবি করেন। সেখানে ব্যবসা করতে চাইলে আসামিদের চাঁদা দিতে হবে বলেও হুমকি দেন। এসময় ফলের দোকানদার হাসান আলী কোন ধরনের চাঁদা দিতে পারবে না বলে প্রতিবাদ করলে হাসানের ফলের ঝুড়ি রাস্তায় ফেলে দিয়ে ৭ হাজার টাকার ক্ষতি করে।
এজাহারে বলা হয়,চট্টগ্রাম সিটি করপোরেশনের গত নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে নগরের আন্দরকিল্লা, চকবাজার ও দেওয়ানবাজার এলাকার সকল হকার থেকে চাঁদা দাবি করা শুরু করেন রুমকি সেনগুপ্ত।এদের মধ্যে কেউ চাঁদা দিতে না পারলে বা অপারগতা প্রকাশ করলে তাদের মালামাল রাস্তায় ছিটিয়ে দিয়ে ক্ষতিসাধন করা হয়।প্রতিবাদ করার চেষ্টা করলে রুমকি সেনগুপ্তের অনুসারীরা হকারদের শারীরিকভাবে নাজেহাল করেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে রুমকি সেনগুপ্ত বলেন, ‘যে মামলা করেছে সে নিজেই একজন চাঁদাবাজ। সে টেরীবাজার-আন্দরকিল্লাহ এলাকায় রাস্তায় দোকান বসিয়ে চাঁদাবাজি করে। জনপ্রতিনিধি হিসেবে সেসব কাজে বাঁধা দিয়েছিলাম। এখন উল্টো সে আমার বিরুদ্ধেই মামলা করেছে।’
উল্লেখ্য, রুমকি সেনগুপ্ত নগর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত তপতী সেনগুপ্তর পুত্রবধূ। তার বিরুদ্ধে নগরীর আন্দরকিল্লাহ, চকবাজারসহ বিভিন্ন এলাকায় ফুটপাত ও বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ আছে।এরমধ্যে গত ৫ মার্চ নগরীর সাবএরিয়া এলাকায় কাগজপত্রবিহীন গাড়ি চালাতে গিয়ে এক ট্রাফিক সার্জেন্টের সাথে বিতণ্ডায়ও জড়িয়েছিলেন তিনি।যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।সর্বশেষ গত ২৫ এপ্রিল নগরীর চকবাজার এলাকার সাফ আমিন শপিং মলের ম্যানেজার তানভীরকে ফোন করে কাউন্সিলর রুমকীর চাঁদা চাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া রাস্তা থেকে নিজের স্বামীর মোবাইল চুরি হলে তিনি এই চোর সিন্ডিকেটের সাথে কোতোয়ালি থানার তৎকালীন ওসি নিজাম উদ্দিনের পারিবারিক যোগসাজশ আছে বলে বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন।
