বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে বাংলালিংকের নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২ | ১০:৫৬ পূর্বাহ্ণ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ | ১০:৫৬ পূর্বাহ্ণ
চট্টগ্রামে বাংলালিংকের নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা

সাম্পান ডেস্ক

মোবাইল নেটওয়ার্কিং প্রতিষ্ঠান বাংলালিংক গত এক বছরে চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তির মাধ্যমে বাংলালিংক-এর ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রামের ব্যবহারও শুরু হয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে এই অঞ্চলের বাংলালিংক গ্রাহকরা এখন দ্বিগুণ গতির মোবাইল ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

আজ রবিবার ( ১৬ অক্টোবর) চট্টগ্রাম নগরের হোটেল রেডিসনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু এই ঘোষণা দেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, বাংলালিংক দেশের সব অঞ্চলের গ্রাহকদের জন্য সর্বোচ্চ গতির ফোরজি নেটওয়ার্ক ও মানসম্মত ডিজিটাল সার্ভিস নিশ্চিতের লক্ষ্যে নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। গত নয় মাসে সারা দেশে বাংলালিংক-এর ৩২০০টিরও বেশি বেইজ ট্রান্সসিভার স্টেশন স্থাপন করা হয়েছে। এছাড়া গত মাসে দেশের প্রথম অপারেটর হিসেবে ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন তরঙ্গ দিয়ে ও টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের ফোরজি চালু করেছে বাংলালিংক।
প্রযুক্তিগত উন্নয়নের ফলস্বরূপ বাংলালিংক এই বছরের দ্বিতীয় প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। সম্প্রতি টানা তৃতীয় বছরের মতো দেশের সর্বোচ্চ গতির মোবাইল নেটওয়ার্ক হিসেবে ওকলা-এর স্বীকৃতিও পেয়েছে তারা।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন,“চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কাভারেজ সম্প্রসারণের জন্য বাংলালিংক-এর চলমান উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমরা গত কয়েক বছরে চট্টগ্রামে যে প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলেছি, সেটিকে এই ধরনের উদ্যোগ আরও মজবুত করবে। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলালিংক এভাবে চট্টগ্রামকে প্রযুক্তির দিক থেকে এগিয়ে নিতে সহযোগিতা করে যাবে।”

বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু বলেন,“ ভিওন ইতোমধ্যে বাংলাদেশে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রবৃদ্ধির এই ধারা বজায় রাখতে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে আমাদের নেটওয়ার্কে বিপুল বিনিয়োগ করা হচ্ছে। আমাদের চলমান প্রচেষ্টা বাংলালিংক-এর সেবার মান আরও উন্নত করে ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আমি মনে করি।”
বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন,“সমগ্র দেশে বিস্তৃত একটি অপারেটর হওয়ার লক্ষ্যে আমরা দ্রুত গতিতে আমাদের শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ করছি। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে জাতীয় গুরুত্বের কারণে চট্টগ্রাম আমাদের সম্প্রসারণ পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। এই বিভাগের সাধারণ গ্রাহক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান – উভয়ই আমাদের সম্প্রসারিত নেটওয়ার্ক কভারেজের সুবিধা পাবে।”

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার,বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংক-এর রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র।

মতবিনিময় সভা শেষে মেয়র রেজাউল করিম চৌধুরী,বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারসহ অতিথিরা বাংলালিংক-এর কিয়স্ক পরিদর্শন করেন।এসময় তারা দ্রুততম মোবাইল ইন্টারনেট, ডিজিটাল সার্ভিস টফি, হেলথ হাব ও অ্যাপলিংক ব্যবহার করে দেখেন।

উল্লেখ্য, বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা নাসডাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares