নিজস্ব প্রতিবেদক
ঋণখেলাপি ও লোকসানি শিল্প প্রতিষ্ঠান হিসেবে আলোচিত নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতানকে গ্রেফতার করা হয়েছে। তিনি নুরজাহান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে ১৮ মামলায় দণ্ডিত হয়ে পলাতক ছিলেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে বন্দরনগরীর খুলশী থানার একটি টিম ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করে।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, টিপু সুলতানের বিরুদ্ধে মোট ২১টি গ্রেফতারি পরোয়ানা আছে। এর মধ্যে ১৮টি সাজামূলে পরোয়ানা। খুলশী থানায় ৭টি, পাঁচলাইশে ৯টি এবং কোতয়ালী থানায় ২টি সাজামূলে পরোয়ানা আছে। এছাড়া আদালতে বিচারাধীন আরও তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে।
চট্টগ্রামের ভোগপণ্যের বনেদি ব্যবসা হিসেবে পরিচিত নুরজাহান গ্রুপ এক দশকেরও বেশিসময় ধরে লোকসানের মুখে পড়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রুপটির কাছে বিভিন্ন ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ৬০০ কোটি টাকা।
