চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসাইন (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় বেপরোয়া একটি প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আফতাব হোসাইন ঘটনাস্থলে মারা যান।
জানা যায়, ড. আফতাব হোসেন ব্যক্তিগত কাজে স্কুটি চালিয়ে শহরে গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় একটি বেপরোয়া প্রাইভেটকার মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে আঘাত করে।পরে তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুল ইসলাম দুর্ঘটনায় ড. আফতাব হোসাইনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাটহাজারী থানাধীন ১ নং গেইট মোড়ে এই দুর্ঘটনা ঘটে।পরে আহত শিক্ষককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কার ও চালককে আটক করেছে।
ড. আফতাব হোসাইনের বাড়ি চাঁদপুর জেলায়। তার স্ত্রী সাইয়েদা ইসমত আরাও চবির প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষক।তিনি এক পুত্র সন্তানের জনক।
