নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে তিনটি মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৪ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।
শুক্রবার (২৬ আগস্ট) রাতে থানা পুলিশ বাদী হয়ে ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে বিএনপি নেতাকর্মীরা মিছিল থেকে যানবাহন চলাচলে বাধা, গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা করে। এসময় অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় ৬৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও আসামি ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. হুমায়ুন কবির, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত এসএম আরিফুর রহমান, এসআই নজরুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম, কনস্টেবল মিনহাজ উদ্দিন, মাইন উদ্দিন, বিপ্লব দে, আব্দুল কাদের ও মফিজ আলম।
এদিকে চট্টগ্রাম (দক্ষিণ) বিএনপির আহ্বাক আবু সুফিয়ান জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাশঁখালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। পরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধায় সমাবেশের স্থান পরিবর্তন করা হয়। বিকাল ৪টায় ওই সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে ওঠার পর পুলিশ আবার বাধা দেয়। এ সময় পুলিশের অতর্কিত লাঠিচার্জ ও গুলিতে অন্তত ৩০-৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
