সাম্পান ডেস্ক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ আগস্ট) রাত পৌনে ১২টায় ক্যাম্প-১৫ এর দুর্গম পাহাড়ের ঢালে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ক্যাম্প-১৫ এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৮ থেকে ১০ জন দুষ্কৃতিকারী ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লক থেকে অনুমান ১৫০ ফিট উপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আছিয়া বেগমের শেড নং-১০১০ এর সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক হওয়ায় অপর গুলিবিদ্ধ আবু তালেবকে কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু তালেবের মৃত্যু হয়।
