নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন,বিশ্বমন্দার বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রক্ষা করেই আমাদের এগিয়ে যেতে হবে। এই পরিস্থিতি সাময়িক। কিন্তু একটি মহল যারা শুধু ক্ষমতার রাজনীতি করে, যারা বিগত দিনে আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, তারা কিছু অযৌক্তিক ইস্যু দাঁড় করিয়ে সরকারকে হুমকি-ধমকি দিচ্ছে।
তিনি সোমবার (৮ আগস্ট) নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ এই ষড়যন্ত্রকারীরা এমনকি তারা পঁচাত্তরের ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটানোর হুমকিও দিচ্ছে।’ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তাদের রাজপথে প্রতিহত করতে হবে।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য বদিউল আলম, আবদুচ ছালাম, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বক্তব্য রাখেন।
