আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বনফুল ডেইরী ফার্ম দীর্ঘদিন ধরে কৃষি জমি ও খালে পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্য ছাড়ায় অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী (ভূমি) আবদুল্লাহ আল মুমিন পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্য অব্যবস্থাপনা ও নদীতে নিঃসরণের জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রশীদুল হক।
উল্লেখ্য, আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের পিএবি সড়কের পশ্চিম পাশে অবস্থিত বনফুল ডেইরী ফার্ম। ফার্মের দক্ষিণ সংলগ্ন খালের মধ্যে গভীর সূড়ঙ্গপথ দিয়ে ফার্মের বর্জ্য ছাড়ার অভিযোগ ওঠেছে বনফুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রশাসন ও স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে অভিনব প্রদ্ধদিতে দীর্ঘদিন ধরে এই কাজ করে যাচ্ছিল বনফুল ডেইরী ফার্ম। খালের মধ্যে এভাবে ফার্মের বর্জ্য ছাড়ায় স্থানীয়দের তিন ফসলি জমিতে দীর্ঘদিন ধরে হচ্ছে না চাষাবাদ এমনটায় অভিযোগ ছিলো স্থানীয় কৃষকদের। এইনিয়ে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে কৃষকদের মাঝে। কৃষক ও স্থানীয়রা দীর্ঘদিন ধরে উদ্ধেগ জানিয়ে আসলেও কর্ণপাত করেনি বনফুল ডেইরী ফার্ম কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘদিন ধরে বনফুলের বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের কারণে হুমকিতে পড়েছে প্রায় ৪ থেকে ৫ টি গ্রামের চাষাবাদ। দীর্ঘদিন ধরে হচ্ছে না আশে পাশে এলাকার প্রায় দুই হাজার একর জমির চাষাবাদ। এছাড়াও এর প্রভাব পড়েছে উপজেলার বৃহত্তর কৃষিজমিতে এমনটায় জানিয়েছে উজেলা কৃষি অধিদফতর সূত্র । ইতোমধ্যে খালের সংলগ্ন অসংখ্য চাষাবাদের জমি হুমকির মুখে পড়েছে । এছাড়াও খালির পানি নষ্ট হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র। বিষাক্ত বর্জ্যের কারণে প্রতিদিন খালের মধ্যে বেশে ওঠছে নানা প্রজাতির মরা মাছ।
অবশেষে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে বনফুল ডেইরি ফার্মকে মোবাইল কোর্ট পরিচালনা করে দেওয়া হয় অর্থদণ্ড।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন বলেন, কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর এমন কাজ বন্ধ করতে সামনেও জনস্বার্থে মোবাইল কোর্ট এর অভিযান অব্যাহত থাকবে।
