বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চবির ২ ছাত্রীকে হেনস্তার ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মী বহিষ্কার

প্রকাশ: ২৫ জুলাই ২০২২ | ৩:৩৩ অপরাহ্ণ আপডেট: ২৫ জুলাই ২০২২ | ৩:৩৪ অপরাহ্ণ
চবির ২ ছাত্রীকে হেনস্তার  ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ২ কর্মীকে আজীবনের জন্য বহিষ্কারের এক দিনের মাথায় আগের একটা ঘটনায় সংগঠনটির ৪ জনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২০২১ সালে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (চবি) দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় প্রায় এক বছর পর এসে ছাত্রলীগের ৪ কর্মীর বিরুদ্ধে এই সিদ্ধান্ত দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিস্কৃতরা হলো- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জান্নাতুল ইসলাম রুবেল, দর্শন বিভাগের ইমন আহম্মেদ ও রাকিব হাসান রাজু এবং আরবি বিভাগের জুনায়েদ আহমেদ। চারজনই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। অপর এক ঘটনায় ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের এক অধ্যাপককে সতর্ক করে দায় সেরেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান বলেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত চারজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিদ্যা বিভাগের এক শিক্ষককে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে হেনস্তা করেন কয়েকজন বখাটে। পরে জানা যায়, এই দুর্বৃত্তরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের সবাই ছাত্রলীগের কর্মী। ওই ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীরা তখন বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলে লিখিত অভিযোগ দায়ের করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares