নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন হাজারী লাইনের খাঁজা মার্কেট দখল করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের মালিক ও তার তিন পুত্র আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ হামলায় নেতৃত্ব দেয়া জয় চৌধুরী নামের এক যুবককে আটক করেছে।
আজ বৃহস্পতিবার ( ৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় আহতরা হলেন-খাঁজা মার্কেটের মালিক নূর নাহার বেগম (৬৫), তার তিন ছেলে মোহাম্মদ বেলাল (৩৮), মোহাম্মদ রেজাউল (৪০) ও মোহাম্মদ ফারমান (৪২)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খাঁজা মার্কেটের মালিকানা দাবি করে ঝুন্টু চৌধুরী ও তার ছেলে জয় চৌধুরী হঠাৎ করে বৃহস্পতিবার সকালে শতাধিক লোকজন নিয়ে মার্কেটটি দখলের চেষ্টা চালায়। এসময় তারা ফিল্মি স্টাইলে মার্কেটের ভেতরে ভাঙচুর চালায়। মালিক নূর নাহার বেগমের বাসায়ও তান্ডব চালায় হামলাকারীরা। এসময় নুর নাহার বেগমের ছেলেরা বাঁধা দিলে উভয়পক্ষের মধ্যে পক্ষের আধ ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়।এতে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ এসে হামলায় নেতৃত্বদানকারি জয় চৌধুরীকে আটক করলে বাকিরা পালিয়ে যায়।

মার্কেটের মালিক নুর নাহার বেগমের অভিযোগ, হামলাকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে মার্কেটের দু’তলায় অবস্থিত বাসায় ব্যাপক ভাংচুর করে। তাকে ও তার তিন সন্তানকে ছুরিকাঘাত করে। বাসা থেকে ৪ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।
তবে ঝুন্টু চৌধুরী বলেন, মার্কেটটির মালিক আমি। অথচ নূর নাহার বেগম দখল করে রয়েছেন। আমরা মার্কেট দখল নিতে গেলে নূর নাহারের ছেলেরা বাঁধা দেয়।
এব্যাপারে বক্সির বিট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিনাল বলেন, খাঁজা মার্কেটে একদল যুবক হামলা করছিল। আমরা ধাওয়া দিয়ে একজনকে আটক করি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
