নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিএম ডিপোর ধ্বংস্তূপ থেকে আরও হাড়গোড় এবং পুড়ে যাওয়া মাথার খুলির অংশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ জুলাই) সকাল ১১ টার দিকে বিএম ডিপোর ক্ষতিগ্রস্ত শেডের মাঝখান থেকে মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার করা হয়।
জানা যায়,উদ্ধার হওয়া হাড়গোড় এক ব্যক্তির মনে করে সুরতহাল করা হয়েছে।এনিয়ে এ দুর্ঘটনায় সর্বশেষ ৫১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১১ টার দিকে বিধ্বস্ত শেডের ভেতরে থাকা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন ডিপোর কর্মীরা। এ সময় তারা ডিপোর লম্বা শেডের ভেতরে ধ্বংসস্তূপে মাথার খুলি ও পোড়া হাড়গোড় দেখতে পান।ডিপো কর্তৃপক্ষ বিষয়টি আমাদের অবহিত করলে আমরা সেখানে গিয়ে হাড়গোড় উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদনের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
