নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে একসাথে আড়াইশ’ মণ খাবার রান্নার উপযোগী একটি বিশাল ডেক বসানো হচ্ছে।চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলম দৈত্যাকার এই ডেকটি বানিয়ে দিয়েছেন।
জানা যায়, চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহনের কাজে ব্যবহৃত একটি লরি দিয়ে কয়েকদিন আগে এটা দরবারে নিয়ে আসা হয়েছে।এরপর দরবারের আস্তানা গেটে এটি বিশাল একটা চুলার উপর বসানো হয়েছে।তবে লাকড়ি দিয়েই চুলাটি জ্বালানো হবে।
জানা যায়,কয়েকদিনের মধ্যে ২৫ মণ রান্নার মধ্য দিয়ে এই ডেকে পরীক্ষামূলক রান্না করা হবে। এরপর পর্যায়ক্রমে পরিমাণ বাড়ানো হবে। এটাতে খিচুড়ি, পায়েশ, শাহি জর্দা রান্না করা যাবে। বড় ডেকের পাশে চারটি অপেক্ষাকৃত ছোট ডেক থাকবে। বড় ডেকে রান্নার পর ছোট ডেকে তবাররক নামানো হবে। সেখান থেকে পরিবেশন করা হবে।
এই বিষয়ে ডেক বানিয়ে দেয়া মঞ্জুর আলম বলেন,এই ডেক বানাতে ছয় মাস সময় লেগেছে।এতে খ্যাতনামা প্রকৌশলীদের সহায়তা নেয়া হয়েছে।এত বড় ডেক তৈরি, পরিবহন, চুলা তৈরি, স্বাস্থ্যসম্মত রন্ধন প্রক্রিয়া ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করেছেন তারা।
