নিজস্ব প্রতিবেদক
‘এই হল আমাদের। হল আমরা লিজ নিছি। যখন ইচ্ছা তোদেরকে হল থেকে বের করে দেব। এই রুম যদি তোদের হয় পুরা হল আমাদের। কি করবি তোরা? নিউজ করবি তোরা? কর। আমরা সাংবাদিক খাই না। প্রক্টর খাই না।’নিজেদের ছাত্রলীগের নেতাকর্মী দাবি করে সাংবাদিকদের এভাবে হুমকি ধুমকি দেয়া ৯ শিক্ষার্থীকে শোকজ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেন। এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াসের অনুসারী বলে পরিচিত।
শোকজ পাওয়া এই শিক্ষার্থীরা হলেন— লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জোবায়ের (নিলয়), অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের রানা আহমেদ, একই সেশনের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ওয়ায়দুল হক লিমন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৬-১৭ সেশনের আশীষ দাস, দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের সাজ্জাদুর রহমান, সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ সেশনের তুষার তালুকদার বাপ্পা, হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের আহম্মদ উল্লাহ রাব্বি,২০১৮-১৯ সেশনের জাহিদুল ইসলাম এবং সংস্কৃত বিভাগের ২০১৯-২০ সেশনের রুদ্র তালুকদার।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, সাংবাদিকদের হুমকির ঘটনায় ১৯ জুন চবি সাংবাদিক সমিতি একটি অভিযোগ দায়ের করেছিল। এর প্রেক্ষিতে অভিযুক্তদের কাগজপত্র যাচাই-বাছাই করে আজ ৯ জনকে শোকজ করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে এ ঘটনার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাদের।
উল্লেখ্য, গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াসের অনুসারী বলে দাবি করা কয়েকজন শিক্ষার্থী চবি সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের কক্ষে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।এসময় হলে থাকা সাংবাদিকদের বের করে দেয়ারও হুমকি দেন ।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও চলছে সমালোচনা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাংবাদিক সমিতির পাশাপাশি সুশীল সমাজের অনেকেই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছিলেন।চবি ছাত্রলীগের নেতারাও বিষয়টি নিয়ে পড়েছেন অস্বস্তিতে।এ ঘটনায় গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ করেন চবি সাংবাদিক সমিতি।
