বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

পাঁচলাইশে চুরি হওয়া মোটরসাইকেল মহেশখালী থেকে উদ্ধার করলো পিবিআই

প্রকাশ: ২৪ জুন ২০২২ | ১২:৫৩ অপরাহ্ণ আপডেট: ২৪ জুন ২০২২ | ১:৪৮ অপরাহ্ণ
পাঁচলাইশে  চুরি হওয়া মোটরসাইকেল মহেশখালী থেকে উদ্ধার করলো পিবিআই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থেকে চুরি হওয়া একটা মোটরসাইকেল কক্সবাজারের মহেশখালী থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট।একইসাথে এই চোরাই মোটরসাইকেল ক্রয়ের অভিযোগে সাব্বির হোসাইন ওরফে সজীব (১৯) নামে এক তরুণকেও গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন এলাকা থেকে মোটরসাইকেলটি গ্রেফতারকৃত সজীবের কাছ থেকে উদ্ধার করা হয়। সজীব স্থানীয় কফিল উদ্দিনের ছেলে।

পিবিআই সূত্র জানায়, উদ্ধার হওয়া সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেলটি মো. কলিম উদ্দিন নামে এক ব্যক্তির।গত ২০ মে তিনি এটি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকার একটি গ্যারেজে মেরামতের জন্য রেখে আসেন। এ সময় গাড়িটি তিনি দোকানের কর্মচারী সাকিবকে বুঝিয়ে দেন। পরবর্তীতে ওইদিন রাতে তিনি মোটরসাইকেলটি নেওয়ার জন্য গ্যারেজে যান। কিন্তু গ্যারেজে গাড়ি না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করে দেন। একপর্যায়ে ভুক্তভোগী ব্যক্তি জানতে পারেন গ্যারেজের কর্মচারী সাকিবসহ কয়েকজন মিলে মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়।

এ ঘটনায় কলিম উদ্দিন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের আদেশ দেন। তদন্তের একপর্যায়ে গাড়িটি কক্সবাজারের মহেশখালী এলাকায় শনাক্ত করে পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে সাব্বিরের কাছ থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির জানায়, মোটরসাইকেলটি তিনি ৫৫ হাজার টাকা দিয়ে রিদুয়ান নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। রিদুয়ান গাড়িটি নিয়েছেন গ্যারেজের কর্মচারী সাকিবের কাছ থেকে। চুরি করার পর সাকিব নিজে মোটরসাইকেল ইঞ্জিন-চেসিস নম্বর মুছে ফেলেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ সুপার (এসপি) নাইমা সুলতানা বলেন, ‘চট্টগ্রাম নগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে নেমে একটি চোর-সিন্ডিকেট শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলটি ক্রয় করা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক বাকিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares