সাম্পান ডেস্ক:
চট্টগ্রাম নগরীতে এম. এইচ. হজ্জ গ্রুপের উদ্যোগে একটি হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর দিদার মার্কেটস্থ সাফা আর্কেডে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খালিদ হোসেন বলেন, “সঠিক জ্ঞান ও প্রস্তুতি ছাড়া হজ্জ পূর্ণতা পায় না।” তিনি বলেন, হজ্জ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা যথাযথ নিয়ম ও শুদ্ধ পদ্ধতিতে আদায় করা প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য অপরিহার্য। হজ্জের ফরজ, ওয়াজিব ও সুন্নাহসমূহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে অনেক ক্ষেত্রে হজ্জের পরিপূর্ণতা ব্যাহত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এজন্য হজ্জে গমনেচ্ছুদের আগে থেকেই প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, হজ্জ কেবল আনুষ্ঠানিক ইবাদত নয়; বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য, ত্যাগ ও তাকওয়া অর্জনের এক অনন্য মাধ্যম। হজ্জের প্রতিটি ধাপ যথাযথভাবে পালনের মাধ্যমে একজন মুসলমান তার আধ্যাত্মিক জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারেন।
এম. এইচ. হজ্জ গ্রুপের স্বত্বাধিকারী মঈন উদ্দীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ারুল হক আযহারী, চন্দনপুরা জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মিসকিন শাহ জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন।
বিশেষ আলোচকরা তাদের বক্তব্যে হজ্জের আধ্যাত্মিক ও ব্যবহারিক উভয় দিক তুলে ধরেন। তারা বলেন, হজ্জ মানুষকে ধৈর্য, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ইহরাম গ্রহণ থেকে শুরু করে তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফা ও মিনায় করণীয়সহ প্রতিটি ধাপ সম্পর্কে সচেতন থাকা জরুরি। পাশাপাশি হজ্জ পালনকালে শৃঙ্খলা বজায় রাখা, অপ্রয়োজনীয় ভিড় এড়ানো এবং সহযাত্রীদের প্রতি সহমর্মী আচরণ করার আহ্বান জানান বক্তারা।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. শফিকুল ইসলাম, হাব চট্টগ্রাম অঞ্চল সভাপতি শরীয়ত উল্লাহ শহীদ, সেক্রেটারি আবদুল মালেক, আটাবের সাবেক মহাসচিব ইদ্রীস মিঞা, সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবাহানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরশেদুল আলম, হাফেজ মাওলানা শাহ আলম, মোহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ইউনুস প্রমুখ।
আয়োজকরা জানান, হজ্জযাত্রীদের সঠিকভাবে প্রস্তুত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে। কর্মশালায় এম. এইচ. হজ্জ গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ হজ্জে আগ্রহী বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
পি/আর
