শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

লামায় মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ফের জেলে ‘বালু খেকো’ শাহাদাত

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১২:১৩ অপরাহ্ণ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ | ১২:১৩ অপরাহ্ণ
লামায় মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ফের জেলে ‘বালু খেকো’ শাহাদাত

সাম্পান ডেস্ক:

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মো. শাহাদাত হোসেন নামে একজনকে পুনরায় ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন করে আসায় স্থানীয়ভাবে তিনি ‘বালু খেকো’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

​বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টিটিএন্ডডিসি সংলগ্ন মাতামুহুরী নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মো. শাহাদাত হোসেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার শাহজাহান মোল্লার ছেলে।

​বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

​উপজেলা প্রশাসন জানায়, সন্ধ্যায় মাতামুহুরী নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় এলাকাবাসীর সঙ্গে শাহাদাত হোসেন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। খবর পেয়ে প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

​লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, “অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে বিশ দিনের জেল দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল জানান, সাজা ঘোষণার পর পুলিশি পাহারায় শাহাদাত হোসেনকে থানায় আনা হয়েছে। তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

​উল্লেখ্য যে, এর আগে গত ২৩ জানুয়ারি মেউলার চর এলাকায় একই অপরাধে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছিল। শাহাদাত হোসেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবেও পরিচিত।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares