শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ফটিকছড়িতে চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: আটক ৪

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১১:৫৯ পূর্বাহ্ণ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ | ১১:৫৯ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: আটক ৪

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে চুরির সন্দেহে এক যুবককে গাছের সাথে বেঁধে মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ভূজপুর থানা পুলিশ হাজিরখীল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজিরখীল এলাকার মইনুদ্দিনের বাড়ির উঠানে গাছের সাথে বাঁধা অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে এলাকায় চুরির সন্দেহে এক যুবককে আটক করে কয়েকজন স্থানীয় ব্যক্তি। অভিযোগ রয়েছে, তাকে গাছের সাথে বেঁধে রাতভর জিজ্ঞাসাবাদের নামে মারধর করা হয়। সকালে তাকে অচেতন অবস্থায় দেখা গেলে বিষয়টি জানাজানি হয় এবং পরে তার মৃত্যু নিশ্চিত হয়।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সন্দেহে স্থানীয়রা তাকে মারধর করে। অতিরিক্ত নির্যাতনের কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ায় এমন ঘটনা ঘটছে, যা সমাজে উদ্বেগ সৃষ্টি করছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares