শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ফটিকছড়িতে মধ্যরাতে আগুনে পুড়ে নিঃস্ব ৩ পরিবার

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ৪:২৮ অপরাহ্ণ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ | ৪:২৮ অপরাহ্ণ
ফটিকছড়িতে মধ্যরাতে আগুনে পুড়ে নিঃস্ব ৩ পরিবার

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল এলাকায় টেকের দোকান সংলগ্ন বখতেয়ার তালুকদার বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং টিনশেডের বসতঘরগুলো গ্রাস করে।

স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলেও তাদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনটি পরিবারের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো ছালাহ উদ্দিন, তার ভাই মোহাম্মদ এনাম ও আবুল কাশেমের পরিবার। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিবারগুলো অত্যন্ত দরিদ্র ও অসহায় অবস্থায় জীবনযাপন করছিল।

নাজিরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আবছার উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা মো. এয়াকুব আলী বাদশা বলেন, “আগুনে তিনটি পরিবার সর্বস্ব হারিয়েছে। এখন সমাজের সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর রহমতে আশপাশের ঘরবাড়ি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।”

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, গভীর রাতে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরগুলো পুড়ে যায়। তবে আশপাশের ঘরগুলো রক্ষা করা এবং প্রায় এক লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে রান্নাঘরের চুল্লি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পি/আন

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares