সাম্পান ডেস্ক:
ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি গভীর গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে পূর্ব ফটিকছড়ির দত্তপাড়া এলাকার পশ্চিম পাশে করিম বাপের বাড়ির নিকটবর্তী একটি ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে প্রায় ২০ ফুট গভীর একটি গর্ত সৃষ্টি হয়, যেখানে দীর্ঘদিন ধরে পানি জমে ছিল। রোববার দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই পানিভর্তি গর্তে পড়ে যায় দুই শিশু। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো— একই এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে সাকি আক্তার (৯) এবং একই বাড়ির জাকির হোসেনের কন্যা সানজিদা আক্তার (১০)।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ব্রিক ফিল্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
পি/আর
