শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

একদিকে সংবিধানের জিকির, অন্যদিকে অনির্বাচিত দলীয় লোক বসিয়ে ৫৯ নং অনুচ্ছেদ লঙ্ঘন করছে সরকার- মুহাম্মদ নজরুল ইসলাম

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬ | ৪:৩১ অপরাহ্ণ আপডেট: ৩ এপ্রিল ২০২৬ | ৪:৩৫ অপরাহ্ণ
একদিকে সংবিধানের জিকির, অন্যদিকে অনির্বাচিত দলীয় লোক বসিয়ে ৫৯ নং অনুচ্ছেদ লঙ্ঘন করছে সরকার- মুহাম্মদ নজরুল ইসলাম

সাম্পান ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংবিধান বলে মুখে ফেনা তুলছে। অন্যদিকে দলীয় লোক বসিয়ে সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের উপর একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে যা সংবিধানের ৫৯ নং অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এভাবে সুবিধাবাদী অবস্থান নিয়ে দেশ ও জাতির কোন কল্যাণ হবে না।

আজ (শুক্রবার) হালিশহর লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুণর্মিলনী ও কর্মী সম্মেলনেপ্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত নির্বাচন বাতিলের আবেদনের প্রেক্ষিতে চব্বিশের জুলাই বিপ্লবোত্তর সময়ে আদালতের রায়ে চট্টগ্রাম মহানগরী মেয়রের ক্ষমতায়নের কারণ এখনো রহস্যাবৃত। তারপরও আদালতের রায়ের প্রতি সন্মান জানিয়ে সবাই মেনে নিয়েছিল। কিন্তু বিগত ২২ ফেব্রুয়ারিতে মেয়াদকাল শেষ হওয়া সত্ত্বেও মেয়র পদ দখলে রাখা গণতান্ত্রিক রীতির সাথে সাংঘর্ষিক। এভাবে অনির্বাচিত একজন মেয়র একাই কখনো সিটি কর্পোরেশনের জনসেবার সম্পূর্ণটা আঞ্জাম দিতে পারে না। সেজন্যই পদে পদে চট্টগ্রাম মহানগরীর জনসেবা বাধাগ্রস্ত হচ্ছে। মশার উপদ্রব, তেলের পাম্পে দীর্ঘ লাইনসহ ট্রাফিক জ্যাম, বাজার অব্যবস্থাপনা, নালা-নর্দমার দুর্গন্ধ, কিশোর গ্যাং, দখলবাজি, চাঁদাবাজিসহ নানা সমস্যায় নগরবাসী আজ জর্জরিত। জলাবদ্ধতা নিরসনের ৩৬ খালের মেগা প্রজেক্টটি এখনো শেষ না হওয়ায় জনদুর্ভোগ লাঘব হচ্ছে না। নির্বাচিত মেয়র, ৪১ জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে ১৪ জন মহিলা কাউন্সিলরের মাধ্যমেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনার কোন বিকল্প নেই। অবিলম্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সকল সিটি কর্পোরেশনে নির্বাচনী তফসিল ঘোষনা করা হোক।

১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি এবিএম সুলাইমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, হালিশহর থানার আমীর ফখরে জাহান সিরাজী প্রমুখ।

 

এতে আরও বক্তব্য রাখেন হালিশহর থানা এসিস্ট্যান্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, থানা অফিস বিভাগীয় দায়িত্বশীল এটিএম মাকসুদুল মাওলা ও ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক এডভোকেট শেখ জোবায়ের মাহমুদ প্রমুখ।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares