শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ৮:৪৭ অপরাহ্ণ আপডেট: ২৯ মার্চ ২০২৬ | ৮:৪৭ অপরাহ্ণ
চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের আনোয়ারায় ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় জিন্নাত আরা বেগম (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় স্বামীর বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর জিন্নাতের স্বামী ওমর ফারুককে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত জিন্নাত আরা বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। দুই বছর আগে আনোয়ারার তৈলারদ্বীপ গ্রামের ওমর ফারুকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের আট মাস বয়সী একটি ছেলে রয়েছে।

জিন্নাতের খালাতো ভাই আজাদ অভিযোগ করে বলেন, “বিয়ের সময় দেওয়া স্বর্ণালংকার নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওরা স্বর্ণ নিয়ে ফেলেছিল—এ নিয়েই প্রায়ই ঝগড়া হতো। আজ দুপুরে স্বামীরা ফোন দিয়ে জানায়, জিন্নাত আত্মহত্যা করেছে। পরে এসে আমরা তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখি। এরপর পুলিশকে খবর দিই।”

স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, কয়েক দিন আগে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফেরেন জিন্নাত। এরপর স্বর্ণ বন্ধক রাখা নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সকালে স্বামী বাইরে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন জিন্নাত। পরে স্বামী ফিরে এসে দরজা বন্ধ পেয়ে ঘরের চালের টিন খুলে ভেতরে ঢুকে সিলিংয়ের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নিহতের বাবা মো. হোসেন দাবি করেন, “বিয়ের সময় দেওয়া স্বর্ণালংকার নিয়ে কলহের জেরে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি মামলা করব।”

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares