শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে থানা থেকে লুণ্ঠিত অস্ত্রসহ ‘বড় সাজ্জাদ’ বাহিনীর ৩ ক্যাডার গ্রেপ্তার

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ৪:১৩ অপরাহ্ণ আপডেট: ১১ মার্চ ২০২৬ | ৪:১৪ অপরাহ্ণ
চট্টগ্রামে থানা থেকে লুণ্ঠিত অস্ত্রসহ ‘বড় সাজ্জাদ’ বাহিনীর ৩ ক্যাডার গ্রেপ্তার

সাম্পান ডেস্ক:

চট্টগ্রাম নগরে ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় জড়িত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি পিস্তল ও একটি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দুটি গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের উদ্ভূত পরিস্থিতিতে থানা থেকে লুট করা হয়েছিল।

 

মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে রিমন, মো. মনির ও মো. সায়েম। তাদের দেওয়া তথ্যে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

 

সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক জানান, উদ্ধার করা রিভলবারটি পাহাড়তলী থানা এবং ব্রাজিলিয়ান টরাস পিস্তলটি ডবলমুরিং থানা থেকে লুণ্ঠিত। অন্যদিকে, উদ্ধারকৃত এসএমজিটি তারা ‘পাহাড়ি সন্ত্রাসীদের’ কাছ থেকে সংগ্রহ করেছিল।

 

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা বিদেশে পলাতক কুখ্যাত সন্ত্রাসী ‘বড় সাজ্জাদের’ অনুসারী। তারা মূলত সাজ্জাদের নির্দেশেই চট্টগ্রামে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও বালুমহাল দখলের মতো সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। সম্প্রতি চন্দনপুরায় ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়িতে চাঁদার দাবিতে যে গুলি চালানো হয়েছিল, তার মূল সমন্বয়ক ও পরিকল্পনাকারী ছিলেন এই কাইয়ুম।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, মুজিবুর রহমানের বাড়িতে হামলার সময় এই তিনটি অস্ত্রই ব্যবহার করা হয়েছিল।

 

পুলিশ জানিয়েছে, আসামিদের এই দাবি এবং উদ্ধারকৃত অস্ত্রের কার্যকারিতা নিশ্চিত করতে দ্রুতই ব্যালিস্টিক পরীক্ষা করানো হবে। সোমবার থেকে শুরু হওয়া এই ধারাবাহিক অভিযানে মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ গুলি ও ম্যাগাজিনও জব্দ করা হয়েছে।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares