শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

শিশু ইরা মনির মৃত্যুতে মহানগরী জামায়াতের গভীর শোক ও জানাজা সম্পন্ন

প্রকাশ: ৪ মার্চ ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ আপডেট: ৪ মার্চ ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ
শিশু ইরা মনির মৃত্যুতে মহানগরী জামায়াতের গভীর শোক ও জানাজা সম্পন্ন

সাম্পান ডেস্ক:

সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক থেকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া সাত বছর বয়সী শিশু ইরা মনি আর নেই। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ইরা মনির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও ভোরের আলো ফোটার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার গলায় ও হাতে গভীর ক্ষত ছিল এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারের পর থেকেই সে কথা বলতে পারছিল না।

আজ সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ডের ছোট কুমিরা গুল আহম্মদ জুট মিল সংলগ্ন হাম্মাদিয়া জামে মসজিদ মাঠে ইরা মনির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইরা মনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

গত রবিবার সকালে সীতাকুণ্ড ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকায় রক্তাক্ত অবস্থায় হাঁটতে দেখে স্থানীয়রা ইরা মনিকে উদ্ধার করে। সে কুমিরা মাস্টার পাড়া এলাকার নূর হোসেনের মেয়ে। কেন এবং কারা এই নিষ্পাপ শিশুর ওপর এমন নৃশংসতা চালিয়েছে, তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares