সাম্পান ডেস্ক :
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আজ আমি এসেছি শহীদদের সম্মান জানাতে। আগামীকাল থেকে রাঙ্গুনিয়ার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করব। সন্ত্রাস, মাদক ও অবৈধ বালু ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তার অগ্রাধিকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।
সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন, কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা জয়নাব জমিলা, নির্বাচন কর্মকর্তা জাকিয়া হোসনাইন, স্থানীয় সরকার প্রকৌশলী রেজাউল করিম, প্রকল্প কর্মকর্তা তর্পন দেওয়ান, প্রাণিসম্পদ কর্মকর্তা শরমিন আকতার ও যুব উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনুস চৌধুরী, আজম খান, কুতুবউদ্দিন বাহার, শওকত আলী নুর, ইউছুফ চৌধুরী, নবাব মিয়া চেয়ারম্যান এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরএইচ