বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে শুরু হলো ভোট গ্রহণ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১:০১ অপরাহ্ণ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১:০১ অপরাহ্ণ
চট্টগ্রামে শুরু হলো ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় নগর ও জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। কেন্দ্র খোলার আগেই অনেক জায়গায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে লাইনে দাঁড়াতে দেখা যায় নারী-পুরুষ ও প্রথমবারের ভোটারদেরও।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় নগরীর হালিশহর মুন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ চিত্র দেখা যায়।

রিটার্নিং অফিস সূত্র জানায়, ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ জন্য আগেই সব কেন্দ্রে ব্যালট পেপার প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। ভোট শুরুর আগে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা কেন্দ্র প্রস্তুতের কাজ সম্পন্ন করেন।

নির্বাচন ঘিরে চট্টগ্রাম নগরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এছাড়া র‌্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর টিম কেন্দ্রের আশে পাশে অবস্থান করছে।

সকালে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের অগ্রাধিকার দিয়ে ভোটকক্ষে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো অনিয়ম বা সহিংসতার অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন সংস্থার পর্যবেক্ষকরাও মাঠে আছেন।
এদিকে ভোটকে কেন্দ্র করে কেন্দ্রসংলগ্ন এলাকায় অপ্রয়োজনীয় জমায়েত এড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। যান চলাচল ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে।

দায়িত্বরত জিহান নামে এক পুলিশ কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৭ টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। কোনপ্রকার ঝামেলা যাতে না হয় সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares