বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চতুর্থ দিনেও কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২:২৮ অপরাহ্ণ আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২:২৮ অপরাহ্ণ
চতুর্থ দিনেও কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

সাম্পান ডেস্ক: 

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের টানা আন্দোলনের চতুর্থ দিনে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ডাকে পালিত এ কর্মসূচির ফলে বন্দরের বিভিন্ন জেটিতে নোঙর করা জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানামাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

সকাল থেকে পণ্য পরিবহনের জন্য কোনো যানবাহন বন্দরের ভেতরে প্রবেশ করেনি। পাশাপাশি বন্দরের ভারী যন্ত্রপাতিও সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। শ্রমিক-কর্মচারীদের এ কর্মবিরতি বুধবার সকাল ৮টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মো. হুমায়ুন কবীর জানান, বন্দরের ভেতরে কোনো ধরনের কাজকর্ম চলছে না। শ্রমিক-কর্মচারীরা আন্দোলনের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে কাজে যোগ দিচ্ছেন না। ফলে এদিন কোনো জাহাজ বন্দরে আসেনি বা বন্দর ত্যাগ করেনি। বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

এদিকে আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীদের বিরুদ্ধে বদলির আদেশ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সোমবার আন্দোলনরত আরও ১৫ জন কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়। আদেশে বদলির কারণ হিসেবে ‘দাপ্তরিক প্রয়োজন’-এর কথা উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares