নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পূর্বাচল নতুন শহর সরকারি আবাসন প্রকল্পে অনিয়মের মাধ্যমে ২০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) ও আজমিনা সিদ্দিককে পৃথক মামলায় সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ১৩ ও ১৮ জানুয়ারি মামলাগুলোর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। একমাত্র কারাবন্দি আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমসহ রাষ্ট্রপক্ষের শুনানি শেষে রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও অনেকে।
দুদক (দুর্নীতি দমন কমিশন) চলতি বছরের জানুয়ারিতে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক ছয়টি মামলা দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনা, তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার সন্তান টিউলিপ ও রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। সব মামলাতেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, ক্ষমতায় থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা দায়িত্বপ্রাপ্ত ক্ষমতার অপব্যবহার করেন। যোগ্যতা না থাকা সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়।
ছয়টি মামলার মধ্যে এ পর্যন্ত চারটির রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা, তার সন্তান এবং শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ একাধিক আসামির দণ্ডাদেশ হয়েছে।
আরএইচ
