বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ৭:২৮ অপরাহ্ণ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ | ৭:২৮ অপরাহ্ণ
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

রেড চিটাগাং ক্যাটল (আরসিসি) জাত সংরক্ষণকে অত্যন্ত জরুরি উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “লাল গরুর দেশ চট্টগ্রাম। দুধ হয়তো কিছুটা কম দেয়, কিন্তু মাংসের দিক থেকে এবং জাতগত বৈশিষ্ট্যে রেড চিটাগাং ক্যাটলের তুলনা পৃথিবীর কোথাও নেই। তাই এই জাত সংরক্ষণ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আজ বুধবার সকালে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এ কে এগ্রো এন্ড ডেইরি হাব সংলগ্ন মাঠে “চট্টগ্রাম অঞ্চলে ডেইরি খাতের উন্নয়ন: সম্ভাবনা ও করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করে গুঁড়া দুধ আমদানি করছে। এই অর্থ যদি দেশীয় দুধ উৎপাদন বৃদ্ধিতে ব্যয় করা যায়, তাহলে আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। তিনি বলেন, গুঁড়া দুধ তরল দুধে ভেজালের ঝুঁকিও বাড়ায়। তাই আমদানি কমিয়ে দেশীয় তরল দুধের উৎপাদন বাড়ানোর বিষয়ে সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ বিল ও ভর্তুকি প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, ব্যাপক আলোচনা ও প্রচেষ্টার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২০ শতাংশ বিদ্যুৎ বিল রেয়াত এবং ১০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া সম্ভব হয়েছে। এটি প্রাথমিক উদ্যোগ হলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এ সহায়তা আরও বাড়ানোর চেষ্টা করা হবে।

খামারি নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নিবন্ধন ছাড়া প্রকৃত চিত্র জানা সম্ভব নয়। অনলাইনে নিবন্ধন কার্যক্রম চালু হলে সব তথ্য এক জায়গায় পাওয়া যাবে এবং নীতিনির্ধারণ সহজ হবে।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর মাধ্যমে খামারিরা প্রশিক্ষণ পেয়েছেন, পিজি গ্রুপ গড়ে উঠেছে এবং অনেকের জীবনের অংশ হয়ে উঠেছে ডেইরি কার্যক্রম। “অনেকে লাভ-ক্ষতির হিসাব না করেও এটিকে জীবনের অংশ হিসেবে নিয়েছেন—যা ভবিষ্যতে টেকসই জীবিকার পথ তৈরি করবে,” বলেন উপদেষ্টা।

নারী ও শিশুদের পুষ্টির বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, দুধ শুধু উৎপাদনের পরিসংখ্যান নয়—মানুষ কতটা দুধ গ্রহণ করছে সেটিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য দুধ হাড়ের রোগ ও অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়ক। এলডিডিপি’র আওতায় স্কুল ফিডিং প্রোগ্রামের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, স্কুলে দুধ সরবরাহ শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বাংলাদেশ তরুণদের দেশ। ডেইরি ইন্ডাস্ট্রিতে তরুণদের এগিয়ে আসতে হবে। সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। “আমরা সংগ্রামী জাতি—দেশের উন্নয়নের জন্য এই সংগ্রাম অব্যাহত থাকবে,” যোগ করেন তিনি।

সেমিনারে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মিজ শাহীনা ফেরদৌসী, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (কৃত্রিম প্রজনন) মোঃ শাহজামান খান তুহিন, পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামছুননাহার, চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আতিয়ার রহমান এবং এ কে এগ্রো এন্ড ডেইরি ফার্মের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ বয়জার রহমান। এছাড়া এলডিডিপি’র আওতায় ডেইরি হাব কার্যক্রমের বাস্তবায়ন, অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে উপস্থাপনা ও ডকুমেন্টারি প্রদর্শন করেন প্রকল্প পরিচালক ডা. মোঃ মোস্তফা কামাল।

আর এইচ/

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares