নোয়াখালী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের আর কোনো ছাড় দেওয়া হবে না। এবার তাদের লাল কার্ড দেখানোর সময় এসেছে। যারা জাতীয়তাবাদের কথা বলে রাজনীতি করে, তাদের অনেক প্রার্থীই বাংলাদেশের নাগরিক নন। যারা এ দেশের নাগরিকই নন, তাদের মুখে জাতীয়তাবাদের কথা শুনতে মানুষ হাসে বলেও মন্তব্য করেন তিনি।
২৭ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে যে জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস ছিল, বাস্তবে তার আর কোনো চিহ্ন নেই। তিনি অভিযোগ করেন, জনগণের অর্থ লুট করা ব্যাংক ও ঋণ খেলাপিদের বারবার মনোনয়ন দেওয়া হয়েছে। এসব ঋণ খেলাপিরাই আবার ক্ষমতায় এসে জনগণের টাকা লুটের অপেক্ষায় আছে। তিনি প্রশ্ন রাখেন, দেশের মানুষ কি আবার ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের ভোট দিয়ে নিজেদের ওপর শাসনের সুযোগ দেবে?
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কৃষক ও শ্রমিকদের পেনশন চালুর প্রতিশ্রুতি দিয়েও তারা ক্ষমতায় থেকে একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। এখন নানা ধরনের কার্ডের কথা বলা হলেও দেশের মানুষ জানে, এসব কথার বাস্তব কোনো ভিত্তি নেই।
সংস্কারের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, একটি দল বারবার সংস্কারের কথা বললেও বাস্তবে তাদের শীর্ষ নেতৃত্বের মুখে সংস্কার কিংবা গণভোটের কথা শোনা যায় না। একদিকে মুখে সংস্কারের কথা, অন্যদিকে মাঠে ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এই দ্বিচারিতা মানুষ ইতোমধ্যে বুঝে গেছে।
নির্বাচন নিয়ে তিনি বলেন, সেনবাগ এলাকাতেও পেশিশক্তি দিয়ে কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে। টানা তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার যদি কোনো নাগরিককে ভোট দিতে বাধা দেওয়া হয়, তাহলে এনসিপি চুপ করে থাকবে না। যেখানে ভোটে বাধা সৃষ্টি হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। কোনো নাগরিক যেন ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে না যায়, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা সুলতান জাকারিয়াসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস
