বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

সব নাগরিকের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: ইদ্রিস আলী

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬ | ৭:২৫ অপরাহ্ণ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ | ৭:২৬ অপরাহ্ণ
সব নাগরিকের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: ইদ্রিস আলী

নিজস্ব প্রতিবেদক

সব নাগরিকের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী। তিনি বলেন, শিক্ষা কোনো দয়া বা অনুগ্রহ নয়—এটি একটি মৌলিক অধিকার। অথচ সংবিধান অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব থাকা সত্ত্বেও শিক্ষাকে এখনো নাগরিক অধিকার হিসেবে স্পষ্টভাবে স্বীকৃতি দেওয়া হয়নি।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ওয়াজেদিয়া মাদ্রাসা সংলগ্ন ল্যাবরেটরি স্কুল মাঠে আয়োজিত চট্টগ্রাম ব্রাইট ফিউচার স্কলারশিপ–এর বৃত্তি পরীক্ষার সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইদ্রিস আলী বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষা হচ্ছে জাতি গঠনের প্রধান ভিত্তি। শিক্ষাকে অগ্রাধিকার দিয়েই একটি শক্তিশালী, মানবিক ও নৈতিক সমাজ গড়ে তোলা সম্ভব।” তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ নিশ্চিত করা গেলে তারাই আগামীর আলোকিত বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।

মেধাবৃত্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, প্রতিযোগিতামূলক মানসিকতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ বাড়ে এবং তারা দেশ ও সমাজের জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়।”

বিগত সরকারের শিক্ষা নীতির সমালোচনা করে ইদ্রিস আলী বলেন, সঠিক পরিকল্পনার অভাব ও শিক্ষার ব্যয় বেড়ে যাওয়ার কারণে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার সবচেয়ে বেশি। “শিক্ষার যেসব খাতে প্রকৃত গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল, সেগুলোতে গুরুত্ব দেওয়া হয়নি। নানা প্রকল্প নেওয়া হলেও অনেক ক্ষেত্রেই তা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যেখানে স্বচ্ছতার ঘাটতি ছিল,”—বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ব্রাইট ফিউচার স্কলারশিপপ্রাপ্ত ৪০টি স্কুল ও মাদ্রাসার মোট ৪৮ জন শিক্ষার্থীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিব রহমত উল্লাহর সভাপতিত্বে এবং ব্রাইট ফিউচার স্কলারশিপের সাধারণ সম্পাদক এস এম জিয়া কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবদুর রহিম, নুর উদ্দিন কোম্পানি ফাউন্ডেশনের পরিচালক মোরশেদুল আলম, পাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজামুল হকসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares