নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোট কেন্দ্রে যাবেন। কেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়ে ভোট শুরু হলে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন এবং ভোট দেওয়া শেষে ভোট কেন্দ্র পাহারা দেবেন।
২৫ জানুয়ারি, রোববার দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই অধিকার যেন কেউ আবার ছিনিয়ে নিতে না পারে, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘এই অধিকার আদায়ে আমাদের অনেক মানুষ জীবন দিয়েছেন। কোনোভাবেই যেন জনগণের অধিকার হরণ না হয়—সেদিকে সবাইকে নজর রাখতে হবে।’
দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তনের অর্থ হলো—নিরাপদ জীবন, নিরাপদ ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং নিরাপদে চলাচলের অধিকার নিশ্চিত করা। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাচ্ছে জনগণ।
বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে শুধু সনদ নয়—শিক্ষাজীবন শেষে তরুণদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হবে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বড় বড় হাসপাতালের প্রতিশ্রুতির চেয়ে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই বিএনপির প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে এক লাখ কমিউনিটি কেয়ারগিভার নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে প্রত্যন্ত অঞ্চলসহ সব পরিবারের নারীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রামের ইপিজেড ও শিল্পাঞ্চলের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মসংস্থানমুখী উদ্যোগ বিএনপি সরকারের সময়ই চালু হয়েছিল। আগামী দিনে সরকার গঠন করতে পারলে ইপিজেডের পরিধি বাড়িয়ে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
জনসভা থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ভোর থেকে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। সকাল সাড়ে ১১ টায় তারেক রহমান উপস্থিত হওয়ার কথা থাকলেও সমাবেশ স্থলে আসতে প্রায় এক ঘন্টা দেরি হয়। সমাবেশ শেষে চট্টগ্রামের বিভিন্ন আসনে ধানের শীর্ষে মনোনয়ন পাওয়া প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।
এসএস
