প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ১:২২ অপরাহ্ণ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ | ৯:১১ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক:
চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনার পর ফজলুল করিম চুমকু (৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমজুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফজলুল করিম চুমকু পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আবুল হাশেমের ছেলে। তিনি হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির নেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পটিয়া উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আমজুরহাট এলাকায় সড়কের একটি গর্তে পড়ে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে ফজলুল করিম চুমকু ও মোটরসাইকেলে থাকা মোরশেদ (৪০) আহত হন।
দুর্ঘটনার পর তাঁরা নিজেরাই মোটরসাইকেলটি উঠিয়ে বাড়িতে ফিরে যান। পরে ঘরে গিয়ে বিশ্রাম নিতে গেলে ফজলুল করিম চুমকু অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাঁকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য আবদুল মোতালেব মনু বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় চুমকুসহ দুজন আহত হন। পরে বাড়িতে ফেরার পর চুমকুর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথেই তাঁর মৃত্যু হয়।
পি/আর
